বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

তীব্র তাপপ্রবাহ থেকে গবাদিপশুকে রক্ষা করতে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের নানা পদক্ষেপ

সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি প্রাণীকুলের জীবনযাত্রাও চরম সংকটে পড়েছে। যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের পাশাপাশি হিট স্ট্রোকে গবাদিপশুরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

প্রাকৃতিক এই বিপর্যয় থেকে প্রাণিসম্পদকে রক্ষা করতে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

এর ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচরণা, খামারিদের শর্তক করা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলার ১টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের গবাদিপশুর যত্নে নানাবিধ সচেতনতামূলক পরামর্শ প্রদান করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছাঃ সুমনা আক্তার বলেন, তীব্র তাপপ্রবাহে গবাদিপশু পাখি রক্ষায় তাদেরকে ছায়া যুক্ত স্থানে রাখতে হবে, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানির সাথে স্যালাইন বা ইলেক্ট্রোলাইট মিশাতে হবে। সম্ভব হলে মিনারেল মিক্সচার ব্লক সরবরাহ করতে হবে।

সেই সাথে কৃমিনাশক ও বিভিন্ন সংক্রামক টিকা প্রদান এবং গবাদিপশু পরিবহন পরিহার করতে হবে।

এছাড়া খামারিদের তাৎক্ষণিক সেবা দিতে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমেও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

সম্পর্কিত