বেরোবি প্রতিনিধি:
ছাত্র-জনতার অভ্যুত্থানকে কটূক্তি এবং শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে (১ নং গেট) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি তার শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী অভিহিত করে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে শনিবার (৫ অক্টোবর) একটি ফেসবুক স্টেটাস দেয়। সেই পোস্টকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ঊর্মির বহিষ্কার করতে হবে হবে’ ‘ঊর্মির দুই গালে জুতা মারো তালে তালে ‘, ‘সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘হাসিনার দোসরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সুমন বলেন, “ যারা আবু সাঈদের নামে কটুক্তি করলো, তারা ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তাদের দোসররা প্রশাসনের প্রতিটি পদে বসে রয়েছে। সংস্কারের জন্য হলেও অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যারা এরূপ কটুক্তি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা।”
শিক্ষার্থী রহমত আলী বলেন, “দেশে এখনও আওয়ামী লীগের দোসরা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এই ধরনের পোস্টকে নির্বুদ্ধিতার পরিচয় বললেও ভুল হবে। এটি একটি ষড়যন্ত্রমূলক পোস্ট।”








