শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ তৈরিতে অস্থিরতার প্রয়োজন নেই,জামায়াতে ইসলামী

মোঃমকবুলার রহমান,(স্টাফ রিপোর্টার)নীলফামারীঃবাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ দলিল “জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র” তৈরি নিয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জানিয়েছেন, এমন দলিল তৈরির ক্ষেত্রে কোনও ধরনের অস্থিরতা, অসঙ্গতি বা সমন্বয়হীনতা থাকা উচিত নয়।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় হয়। জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন গোলাম পরওয়ার।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি মূল্যবান দলিল প্রণয়ন করতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে সুশৃঙ্খলভাবে মতবিনিময় প্রয়োজন। কোনও তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।”

গোলাম পরওয়ার জানান, ঘোষণাপত্রের খসড়া দুই দিন আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল, তবে অনেক দল সময়মতো সেটি পায়নি। যারা পেয়েছে, তারাও তা দলীয়ভাবে বিস্তারিতভাবে আলোচনার সুযোগ পাননি। তিনি বলেন, “খসড়া নিয়ে আলোচনা করার সঠিক পরিবেশ তৈরি হয়নি। তাড়াহুড়োর কারণে অনেক মৌলিক বিষয় বাদ পড়ে গেছে, যা আমাদের ভাবনার বিষয়।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে ইসলামি শক্তির অনেক নেতাকে ফাঁসিতে ঝোলানো, গুম-খুন, এবং ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সত্য ঘটনাগুলো ঘোষণাপত্রের কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়নি।”

বৈঠককে “প্রাথমিক পর্যায়ের আলোচনা” আখ্যা দিয়ে তিনি জানান, উপস্থিত রাজনৈতিক দলগুলো একটি প্রণীত ঘোষণাপত্রের ব্যাপারে সম্মিলিতভাবে একমত হয়েছে। তবে, তিনি জোর দিয়ে বলেন যে, সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ ও যথাযথ দলিল তৈরি করা উচিত।

সম্পর্কিত