মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

জীবনের সকল ক্ষেত্রে কুরআনের আইন প্রয়োগের আহ্বান মাওলানা মশিউর রহমানের

 উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি. বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির মাওলানা মশিউর রহমান বলেছেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের বিধান বাস্তবায়নই মানবজাতির কল্যাণের একমাত্র পথ।” শুক্রবার (২৬ জুলাই) কুড়িগ্রামের উলিপুর উপজেলার ইংলিশ ভার্সন উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় এক শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা মশিউর রহমান বলেন, “মানবজাতির জন্য কুরআন হচ্ছে সর্বশেষ ও পরিপূর্ণ জীবনবিধান।

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল স্তরে আল্লাহর বিধান অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে অশান্তি, অবিচার ও অনাচারের মূল কারণ হলো কুরআনের নির্দেশনা থেকে বিচ্যুতি। কুরআন শুধু পঠনের জন্য নয়—তা বাস্তব জীবনে কার্যকরভাবে অনুসরণ করাই হচ্ছে প্রকৃত ঈমানদারির প্রমাণ।”

তিনি মুসলিম উম্মাহকে ইসলামী আদর্শে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা যেখানে কুরআনের আইন সর্বস্তরে কার্যকর থাকবে।” অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান। এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল শিক্ষামূলক ও উদ্বুদ্ধকরণমূলক পরিবেশে অনুষ্ঠিত।

সম্পর্কিত