আখতারুজ্জামান আসিফ, চিলমারি (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের চিলমারি উপজেলার চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে স্পিরিট (SPiRiT – Sports for Protection, Resilience and Transformation) প্রকল্পের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং পিছিয়ে পড়া শিশু ও কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।
আজ সোমবার স্থানীয় দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ইউনিয়নের স্কুল শিক্ষক চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রকল্পের কর্মকর্তারা জানান, শিশু ও তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানো এবং তাদের জীবন দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যেই এই প্রকল্পটি কাজ করে যাচ্ছে ।
প্রতিযোগিতায় নয়ারহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের কিশোর-কিশোরী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করে। ইভেন্টগুলো ছিল কিশোর কিশোরীদের ফুটবল ম্যাচ ও গ্রামীণ ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা। বিশেষ করে কিশোরীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।







