মোঃ মকবুলার রহমান
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, “জনগণ যদি আমাদের নির্বাচিত করেন, ইনশাআল্লাহ চর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আমরা কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব।” তিনি চরাঞ্চলের জীবনমান উন্নয়নে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরাঞ্চলের মানুষের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, ডোমার ও ডিমলা উপজেলার চরাঞ্চলের মানুষ বছরের পর বছর যোগাযোগব্যবস্থার দুরবস্থা, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সীমাবদ্ধতায় ভুগছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, সঠিক পরিকল্পনা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া নেতৃত্ব।
অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, নির্বাচিত হলে চরাঞ্চলে স্থায়ী সড়ক ও সেতু নির্মাণ, নদীভাঙন রোধে কার্যকর বাঁধ ও টেকসই অবকাঠামো গড়ে তোলা, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, “চরবাসী কোনো করুণা নয়, তাদের ন্যায্য অধিকার চায়। জনগণের সমর্থন পেলে আমরা সেই অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকব।” এ সময় তিনি সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতে ভোটারদের সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা চরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন এবং নির্বাচনের মাধ্যমে কার্যকর পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।









