রুহুল আমিন, স্টাফ রিপোর্টার গোবিন্দগঞ্জঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের মৃত ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৪০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শুভ মিয়া (২৬)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই রাতে বুজরুক বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী একরাম ব্যাপারিকে ইয়াবাসহ গ্রেফতার করে। অভিযানের সময় ইয়াবা ট্যাবলেট কিনতে আসা শুভ মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীর বাড়ির আঙিনায় একটি গাছের ডালের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ওষুধের বোতল থেকে মোট ১৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।








