শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার করলেন ড. আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ আজ সাভারের জিরানীবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।

সাভারের জিরানীবাজার- শ্রম, ঘাম আর স্বপ্নে গড়া এক জনপদ।সেখানে দিনভর কারখানায় কাজ শেষে শতাধিক শ্রমিকের সঙ্গে একই দস্তরখানে বসে ইফতার করেন তিনি। এ সময় শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন।

ইফতার শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, “এই মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের দেশের অর্থনীতির ভিত গড়ে উঠেছে গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের পরিশ্রমে। তাদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও স্বপ্নকে ধারণ করেই ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ যেন তাদের জীবনে বরকত দান করেন এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি নসিব করেন- এ কামনাও ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষদিকে তিনি “সবার আগে কুড়িগ্রাম” শ্লোগান উচ্চারণ করে শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্পর্কিত