শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে প্রতিনিয়ত বাধা সৃষ্টি হচ্ছে: খালেদা জিয়া

মোঃ মকবুলার রহমান ,স্টাফ রিপোর্টার :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে প্রাণ দিয়েছেন, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা আজ বারবার বিঘ্নিত হচ্ছে। তবে খুব শিগগিরই দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন খালেদা জিয়া।

তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার হোক শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের সকলের প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে আমাদের এই পথচলা অব্যাহত রাখতে হবে।”

বক্তব্যে তিনি শহীদ জিয়াকে স্মরণ করে বলেন, “৩০ মে আমাদের পরিবারের জন্য বেদনাবিধুর দিন। এই দিনে শুধু একটি পরিবারের নয়, বরং গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছিল। শহীদ জিয়া শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, ছিলেন দেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন এবং স্বনির্ভরতার প্রতীক।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “সরকারের সদিচ্ছা থাকলে চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে সরকারের উপদেষ্টাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা সাধারণ মানুষের দুর্দশা সম্পর্কে অজ্ঞ। এ অবস্থায় দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠন সময়ের দাবি।”

তারেক রহমান অভিযোগ করেন, “সংস্কারের নামে দীর্ঘসূত্রতা তৈরি করে সরকার নির্বাচন থেকে সরে যেতে চায়। অথচ জনগণ প্রস্তুত নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নিতে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভার্চুয়ালি), স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন দেশের স্বাধিকার, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতার রূপকার এবং একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।

সম্পর্কিত