নিউজ ডেস্ক:কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মহানগর দক্ষিণ ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করা হয়েছে।
এদিকে আতঙ্কে ভোর থেকেই হল ছাড়তে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। তাদের সঙ্গে বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীকেও হল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।
মঙ্গলবার সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর প্রতিবাদে গতকাল রাতেই আন্দোলন শুরু হয় রোকেয়া হলে। হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীদের হল ছাড়তে বাধ্য করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বিজয় একাত্তর হলেও অবস্থান নিয়ে ‘আমার ভাই নিহত কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ৩৪৩ ও ৩৪৫ নম্বর কক্ষে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা। কক্ষ দুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও তার অনুসারীরা থাকতেন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এসময় কক্ষ দুটির জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছেন। এসময় শয়ন ও তার অনুসারীরা হলে উপস্থিত ছিলেন না। তবে সূর্যসেন হলের ফটকে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা একপর্যায়ে তাদেরও ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।
এছাড়াও কবি জসিম উদ্দীন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পদ্মা-৭০১০ কক্ষ ও সূর্যসেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নের ৩৪৪ নম্বর ভাঙচুর করা হয়। বর্তমানে এসব হল শিক্ষার্থীরা দখলে নিয়েছেন। ছাত্রলীগ নেতারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।
সকাল সাড়ে ১১টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো ভাঙচুর করা হচ্ছে বলে খবর পাওয়া যায়।






