শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ২৬৬ শিক্ষক

মো:ফারুক কুড়িগ্রাম :কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ২৬৬ জন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় চাকুরীতে ঢুকে চাকুরী করছেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী করছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে আরও একজন। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।

শিক্ষক পদে কতজন আসল আর কতজন ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন তা যাচাই-বাছাইয়ের জন্য এই তালিকা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছু দিনের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা সংগ্রহের কাজ শুরু করে। সেই অনুযায়ী শিক্ষকদের নামের তালিকা পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গত আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) লুৎফর রহমান সই করা এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়। এছাড়া একই সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম সই করা অপর একটি চিঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের তথ্যও চাওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬৬ জন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন।

বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে দেশের সব উপজেলা থেকে শিক্ষকদের নামের তালিকা সংগ্রহ করেছে অধিদপ্তর।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান, আগস্টের তৃতীয় সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের নামের তালিকা চাওয়ার পর আমরা প্রতিটি উপজেলায় তা জানিয়ে দেই।

সম্পর্কিত