রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কসবামাজাইল ইউপি চেয়ারম্যান সুফল মাহমুদকে ঘিরে নতুন বিতর্ক

কসবামাজাইল ইউপি চেয়ারম্যান সুফল মাহমুদকে ঘিরে নতুন বিতর্ক

পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে অনাস্থা প্রত্যাহারের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ নং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফলের বিরুদ্ধে ইউপি সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে অনাস্থা প্রত্যাহারের আবেদন করার অভিযোগ উঠেছে। ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান সুফল মাহমুদ ৬ জন ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর নিকট অনাস্থা প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন। এ ঘটনায় চেয়ারম্যানকে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইউনিয়নের সব সদস্য একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ সময় অভিযোগ করে প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, চেয়ারম্যান ঢাকা থাকায় পরিষদে নিয়মিত উপস্থিত হন না। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েন। ফলে ইউনিয়নের কাজকর্ম স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। আমরা এসকল কারণে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেই। পরে চেয়ারম্যান আমাদের ৬ জনের স্বাক্ষর জাল করে ইউএনও’র বরাবর অনাস্থা প্রত্যাহারপত্র জমা দেন। আমরা অনাস্থা প্রত্যাহারপত্রে কোনো স্বাক্ষর করিনি। অনাস্থা প্রত্যাহার করার জন্য চেয়ারম্যান নানা হুমকি-ধামকি দিয়ে চলছে প্রতিনিয়ত।
এসময় আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সদস্য মোঃ তামজিদ হোসেন, ২নং ওয়ার্ড সদস্য আফসার উদ্দিন,  ৩নং ওয়ার্ড সদস্য লিয়াকত আলী মোল্লা, ৪নং ওয়ার্ড সদস্য আনিছুর রহমান, ৫ নং ওয়ার্ড সদস্য বাবুল হোসেন, ৬ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড সদস্য আক্কাস আলী, ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চম্পা খাতুন, ৪-৫-৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুফিয়া খাতুন, ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকেয়া খাতুন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা বলেন, “অনাস্থাপত্র ও অনাস্থা প্রত্যাহারপত্র দু’টিই পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গত ২০ আগস্ট ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে লিখিত আবেদন জমা দিয়েছিলেন।

সম্পর্কিত