আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা উপজেলায় সাজানো গোছানো সংসার, ঘর বাড়ি, বসতি স্থাপনা ছেড়ে ঠাই হয়েছে গাছ তলায়, নদীর তীরে বসে এভাবে তাকিয়ে দেখছে ভাঙ্গনের কল্পনাতীত দৃশ্য।
কচাকাটায় দুধকুমার নদীর প্রবল ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে শুন্য আকাশের নিচে বাস করছেন তিন গ্রামের হাজারো মানুষ। নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসত বাড়ি সহ হাজার বিঘা ফসলের ক্ষেত। নদী ভাঙ্গন রোধে চান স্থায়ী সমাধান ও দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ। সরকারের দৃষ্টি আকর্ষণ করে কয়েক গ্রামের মানুষ তাই করেছেন মানববন্ধন। এমন দৃশ্য কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের ভেলকারচর, দেওয়ানজাগী ও চর রহমানেরকুটি গ্রামের দুধকুমার নদীর পুর্বপাড়ের বাস্তব ছবি। নদী ভাঙ্গন যেনো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে নদীর তীরে বসবাসকারী মানুষের জীবনে। মানববন্ধনে এমন কথাই তুলে ধরেন ভুক্তভোগী ও ইউনিয়ন চেয়ারম্যান এস.এম আব্দুর রাজ্জাক। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সুশীল সমাজ সহ নদী ভাঙ্গনে ভিটে মাটি হারানো মানুষেরা। প্রত্যেকের দাবি দ্রুত সমস্যার সমাধানে সরকারের সুদৃষ্টি। অন্যথায় নদী গর্ভে বিলীন হয়ে যাবে এই সমস্ত গ্রামসহ কয়েক হাজার মানুষের বাঁচার স্বপ্ন।








