নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন অনিয়ম রোধে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) দুপুরে উলিপুর বাজারে এ মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি দোকানে মূল্য তালিকা ঝুলানো হয়নি এবং স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি রেস্টুরেন্ট এবং ১টি হলুদের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১০,৫০০ টাকা।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি অফিসার জয়নুল আবেদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে রমজান মাসে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্যসামগ্রী ক্রয় করতে পারেন।












