রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

উলিপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

 উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসক, স্থানীয় রাজনীতিবিদ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং কর্মচারীরাসহ  সকলেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সকাল ৯ ঘটিকায় উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের  উদ্বোধন করেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  অংশগ্রহণে একটি  শোভাযাত্রা কলেজ চত্বর থেকে বের হয়ে উলিপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের তালে তালে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন।

এরপর উপজেলার বিজয় মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

 গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে।

এছাড়াও নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন  প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী লাঠি খেলা যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অন্যদিকে ছাত্রীদের জন্য আয়োজন করা হয় হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যা ছিল উপভোগ্য ও রোমাঞ্চকর।

প্রতিটি আয়োজনেই দেখা গেছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা।

অনুষ্ঠান শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সভাপতিত্বে শুরু হয় প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান,

জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী  নিত্যানন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞাসহ অনান্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত