আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অনলাইন জুয়ার অভিশাপে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাটিটারি গ্রামে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে শ্রী লিপনচন্দ্র ওরফে দ্বীপ (৩৫), পিতা মৃত ভূপেন্দ্রনাথ, নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত লিপনচন্দ্র ঢাকায় ডাকবাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েন। এ নেশার ফাঁদে পড়ে বিপুল ঋণের বোঝা কাঁধে চাপায়। ঋণ শোধে ব্যর্থ হয়ে মানসিক চাপে ভুগছিলেন তিনি। শেষমেষ সেই চাপ সহ্য করতে না পেরে নিজের জীবন নিজেই শেষ করেন।
এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া, আর পুরো গ্রাম হতবাক হয়ে পড়েছে। এলাকাবাসী বলেন, ভদ্র, শান্ত স্বভাবের ও মেধাবী লিপনের এই অকাল মৃত্যু অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতির নির্মম উদাহরণ।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের গণ্ডি পেরিয়ে অনলাইন জুয়ার প্রভাব এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এতে জড়িয়ে নিঃস্ব হয়ে পড়ছে। তাদের দাবি, প্রশাসনকে অবিলম্বে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সচেতন মহলের অভিমত, অনলাইন জুয়া শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মনে করেন, লিপনচন্দ্রের অকাল মৃত্যু যেন সবার জন্য একটি সতর্কবার্তা।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী জানান, “নিহতের বড় ভাই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। তারা বলছেন, যুবসমাজকে অনলাইন জুয়ার অন্ধকার ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে উদ্যোগী হতে হবে।










