সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল

মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারী:

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, “ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই ঐকমত্য প্রকাশ করেছে। এই ঐকমত্যের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী ও সবার কাছে গ্রহণযোগ্য ডকুমেন্ট প্রস্তুত করার প্রক্রিয়া শুরু হবে। সবাই আশাবাদী যে এই প্রক্রিয়া সফলভাবে শেষ করা সম্ভব হবে।”

ঘোষণাপত্র প্রকাশের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “রাজনৈতিক দল এবং ছাত্রদের প্রতিনিধিরা বলেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরিতে যতটুকু সময় প্রয়োজন, তা নেওয়া উচিত। কিন্তু তাড়াহুড়ো কিংবা অযথা বিলম্ব কোনোভাবেই যেন না করা হয়।”

তিনি আরও জানান, আলোচনার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাবও উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। “সবার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।

বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরে আসিফ নজরুল জানান, আলোচনায় কোনো অনৈক্যের সুর শোনা যায়নি। “আজকের বৈঠকে মূলত পদ্ধতিগত বিষয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে। সবাই চাইছেন, ঘোষণাপত্র এমনভাবে তৈরি হোক যাতে প্রতিটি ব্যক্তি ও দলের মনে হয় এটি তাদেরও সম্পত্তি। এই মনোভাব সুদৃঢ় ঐক্যের ভিত্তি গড়ে তুলবে।”

এই ঐতিহাসিক ঘোষণাপত্রের প্রক্রিয়াটি যাতে জাতীয় ঐক্যের মাইলফলক হয়ে ওঠে, সেই লক্ষ্যে কাজ চলছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্পর্কিত