বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চিলমারীতে ৪০ বছর ধরে পত্রিকার নিয়মিত পাঠক আব্দুল মালেক

চিলমারী সংবাদাতা:
চিলমারী উপজেলার মাটিকাটা মোড়ে ছোট একটি দোকান চালিয়েও গত ৪০ বছর ধরে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের একাধিক পত্রিকা নিয়মিত পড়ে আসছেন আব্দুল মালেক।
এক সময় ছিল, যখন ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকা চিলমারীতে পৌঁছাতে ৭-৮ দিন সময় লেগে যেত। তবুও তিনি দৈনিক দিনকালসহ আরও কয়েকটি পত্রিকা নিয়মিত সংগ্রহ করতেন। বিশেষ করে দৈনিক দিনকাল ছিল তার অত্যন্ত প্রিয় পত্রিকা। বিএনপির ঢাকার খবর জানার জন্য তাকে প্রায়ই উদ্বিগ্ন থাকতে দেখা যেত।
পত্রিকায় প্রকাশিত বহু সংবাদের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর খবরটি তার কাছে সবচেয়ে কষ্টের ও স্মরণীয় ঘটনা। সে সময় এলাকায় মাত্র দুটি টেলিভিশন ছিল। পত্রিকা দেরিতে পৌঁছানোর কারণে অন্যের বাড়িতে গিয়ে টিভিতে খবর দেখতে গিয়ে নানা বিড়ম্বনার কথাও তিনি স্মরণ করেন।
উপজেলা সদরের প্রবেশমুখ মাটিকাটা মোড়ে তার পান, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ছোট্ট দোকান রয়েছে। বর্তমানে তিনি দৈনিক দিনকাল, দৈনিক যুগের আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক আমার দেশসহ আরও কয়েকটি পত্রিকা নিয়মিত হকারের কাছ থেকে কিনে থাকেন।
তার দোকানে শুধু ক্রেতারাই নন, এলাকার অনেকেই পত্রিকা পড়ার জন্য আসেন—যেন এটি একটি ছোট পাঠাগার। এ কারণেই গভীর রাত পর্যন্ত তার দোকান খোলা থাকে। সারাদিন বিক্রি কম হলেও তিনি নিয়মিত পত্রিকা কেনার পেছনে অর্থ ব্যয় করেন। এটি যেন তার এক তৃপ্তির নেশায় পরিণত হয়েছে।
এ বিষয়ে আব্দুল মালেক বলেন, দোকানের আয় থেকে পরিবারের খরচ মিটিয়েও তিনি পত্রিকা কেনেন। বর্তমানে সামাজিক মাধ্যমে নানা ধরনের খবর পাওয়া গেলেও তিনি তাতে সন্তুষ্ট নন। বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পড়ার জন্যই তিনি দীর্ঘদিন ধরে পত্রিকার ওপর নির্ভরশীল।
জাতীয়তাবাদী চেতনার একজন সচেতন নাগরিক হিসেবে দেশের খবর জানতে তিনি সবসময় আগ্রহী। এভাবেই আব্দুল মালেক এলাকায় একজন নিয়মিত পত্রিকা-পাঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
নতুন প্রজন্মের প্রতি তার আহ্বান—ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অতিরিক্ত আসক্ত না হয়ে নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। এতে জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি আরও সচেতন ও প্রগতিশীল হয়ে উঠবেন।

সম্পর্কিত