মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আদিতমারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটজেলার আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় “দাওয়াহ ইসলামিক সেন্টার” এর আয়োজনে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে রবিবার বিকেলে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ এবং দেশের জন্যও গর্বের বিষয়। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধরে রাখলেই তারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে পারবে।”

স্থানীয় অভিভাবকরা শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, গ্রামের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও উচ্চতর শিক্ষা অর্জনে যে সফলতা অর্জন করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শুধু ভালো ফল অর্জন করলেই হবে না, পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে।

শেষে মহিষখোচার বিভিন্ন প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত মোট ২৮জন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। উপস্থিত জনসাধারণ করতালির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বাগত জানায়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এ সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের নতুন উদ্যমে পথচলা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

সম্পর্কিত